হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছবি ও পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় বিকৃত, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এস এম হারুন উর রশীদ।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে অবস্থানকালে সাংবাদিক হারুন উর রশীদ ‘Nationalist Kurigram’ নামের একটি ফেসবুক আইডিতে তার ছবি ও নাম ব্যবহার করে প্রচারিত একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। ওই ফেসবুক আইডি থেকে ভুয়া, বিকৃত ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জিডিতে তিনি বলেন, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, কুড়িগ্রামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জের ধরে একটি স্বার্থান্বেষী মহল প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
সাংবাদিক হারুন উর রশীদ বলেন, “অতি সম্প্রতি জেলার বিভিন্ন দপ্তরের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেছি। এরই জের ধরে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা কিছু রাজনৈতিক ব্যক্তির মদদপুষ্ট হয়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফেক আইডি ব্যবহার করে নানারকম অপতথ্য ছড়াচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের সাইবার অপপ্রচার ও পরিচয় জালিয়াতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রহিম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদের নামে ফেসবুকের মাধ্যমে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে— রংপুর সাংবাদিক ইউনিয়ন, কুড়িগ্রাম প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।