হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বিক সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর জোর দেন।
কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।